সুন্দরবনে পৃথক অভিযানে ১০ জেলে আটক, নৌকাসহ জব্দ ৫ মণ কাঁকড়া

ছবি: আগামীর সময়
নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে পৃথক তিন এলাকা থেকে ১০ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে চারটি নৌকা, জাল ও প্রায় পাঁচ মণ কাঁকড়া।
আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার রাতে চাঁদপাই রেঞ্জের জোংড়া, করমজল এবং ঢাংমারী এলাকা থেকে জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার গাজী (৭০)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।
পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের তিনটি দল পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সুন্দরবনের জোংড়া এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকা থেকে একটি নৌকাসহ ৩ জেলে এবং ঢাংমারী এলাকা থেকে একটি নৌকাসহ ৩ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে ১০টি ক্যারেটে ভরা প্রায় ৫ মণ কাঁকড়া এবং জালসহ চারটি নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামালা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বললেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে যারা বনে ঢুকে অপরাধে যুক্ত হচ্ছে, তারা কোনোভাবেই ছাড় পাচ্ছে না। বন অপরাধ প্রতিরোধে সুন্দরবনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।




