লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর উদ্ধার মরদেহ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে গিয়েছিলেন এক কৃষক। পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে তার মরদেহ।
মঙ্গলবার রাত আটটার দিকে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে পরিবারের সদস্যরা তা আব্দুল মন্নান মনু মিয়ার (৭০) বলে শনাক্ত করেন বলে জানান মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
মন্নান চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে নামেন মন্নান। একপর্যায়ে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি পানিতে ভেসে নিখোঁজ হন।
এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদী এবং আশপাশের বিভিন্ন এলাকায় তার সন্ধানে খোঁজাখুঁজি করেও পাননি। পাঁচ দিন পর পেলেন মরদেহ।







