প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা আশিক
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দেন। বেলা ১ টা থেকে এ সময় কার্যকর হয়।
দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে মুক্তি পান আশিক। পরে বিকাল ৩ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে বাবার জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন আশিক। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় আশিককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
গত সোমবার রাতে বাবা চিক্কু মিয়া ৯ টার দিকে মারা যান।



