রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিব: ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনায় মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে জনসভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান
‘এই গ্রামের অনেকেই রিটেনে পাস করেছে, কিন্তু ভাইভাতে এলাউ হয়নি। এখন থেকে রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আমার কাছে আসবা। যেখানে গেলে চাকরি পাবা, সেখানে আমি ফোন করে দিব।’
চাকরিপ্রার্থীদের উদ্দেশে এসব কথা বলেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনায় মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
মূলত-জনসভায় তিনি স্থানীয় চাকরিপ্রার্থীদের রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতার জন্য তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেছেন, ‘আমার নির্দিষ্ট কিছু কাজ আছে, এইগুলো মানবতার কাজ। কিছু মানুষ আছে খুব অসহায়। নিজে অসুস্থ, বউ ছেলে সন্তান অসুস্থ, এইগুলো আমাকে জানাবেন। তাকে আমি ঢাকায় নিয়ে যাব এবং একদম কম পয়সায় চিকিৎসা করা যায় এমন ব্যবস্থা করব। কিন্তু কেউ যদি নেতাকে টাকা দিয়ে আমার কাছে সুপারিশ নিয়ে যাও, আর এটা প্রমাণিত হয়, তাহলে আমি আপনাদের কাজ করব না।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



