আধা ঘণ্টা পর স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ছবি: আগামীর সময়
বৈরী আবহাওয়ার কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
এদিকে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচলও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ প্রবল ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) আব্দুস সালাম জানালেন, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার ফেরি চলাচল শুরু করা হয়।
‘বর্তমানে নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ১৫টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে।’—বলে যোগ করেন তিনি।




