পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আগামীর সময়
নেত্রকোনার বারহাট্টায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলদিয়া ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আকাশ একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানালেন, নিজ বসতঘরের বারান্দার চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান তিনি। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পার্থ সরকার বলেছেন, ‘হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে।’
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুনের ভাষ্য, মরদেহ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আকাশের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চেয়েছিলেন। পরে পুলিশ তাদের বোঝানোর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





