গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসমান ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার

ছবি: আগামীর সময়
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। গত ১৩ জুলাই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সমুদ্রে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দুই দিন পর বুধবার ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’ এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ট্রলারসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ট্রলারসহ উদ্ধার হওয়া জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




