হাকিমপুর
জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
দিনাজপুরের হাকিমপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের ভাই আজাদুল ইসলামের ছেলে জাকিরুল (২৫) ও তামজিদুলের (৩০) বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। জাকিরুল সেনাবাহিনীর একজন সৈনিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের বলরামপুর বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম অফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রফিকুলের সঙ্গে তার ভাই আজাদুলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রফিকুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাকিমপুর থানার ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




