চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু, সম্পাদক মুকেশ

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত। ছবি: আগামীর সময়
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে আজ রবিবার ভোর ৪টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের অতিরিক্ত সচিব নূরে আলম সিদ্দিকী।
সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের পংকজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের পরেশ কালিদী পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩ হাজার ১৯৯।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির ৩০টি পদ, সাতটি ভ্যালির কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির বিভিন্ন পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব পদে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সব মিলিয়ে নির্বাচনে অংশ নেয় ৬০০টির বেশি প্যানেল।
একই দিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং সাতটি ভ্যালির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী সভাপতি রাজু গোয়ালা দৈনিক আগামীর সময়কে বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই জয় সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা পূরণ ও তাদের ভাগ্য পরিবর্তনে তারা শক্ত ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুকেশ কর্মকার জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই বিজয় মূলত সাধারণ চা শ্রমিকদের বিজয়। শ্রমিকদের প্রত্যাশা পূরণ এবং তাদের ভাগ্য পরিবর্তনে তারা কার্যকর ভূমিকা রাখবেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ আট বছর পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্বকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন চা বাগানে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। কোথাও কোথাও আনন্দ মিছিল বের করা হয়। বিজয়ী প্রার্থীরাও শ্রমিক ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে দৈনিক মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা। নতুন নেতৃত্ব এসব দাবি আদায় ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়ে এখন প্রত্যাশা তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে।




