খুলনায় ছুরি মেরে যুবককে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় মোস্তাকিন (২৮) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে ঘটে এ হত্যাকাণ্ড। নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৮টার দিকে নিরালা এলাকার আলকাতরা মিলের পাশের তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলেন মোস্তাকিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চার যুবক তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা মোস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘মোস্তাকিন তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে মেরে পালিয়ে যায়। তার পিঠে ও কোমরে আঘাত রয়েছে।’
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে শুরু করা হয়েছে অভিযান।






