সড়কের পাশে রাখা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড-সিসিটিভি

ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে। প্রাথমিকভাবে বাসের ভেতরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালেন, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি সেখানে পার্কিং করে রেখে যান। ঘটনার সময় তিনি বাসে ছিলেন না। তবে বাসের সহকারী হেলাল প্রতিদিনের মতো রাতে গাড়ির ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে মসজিদে যান তিনি। সেখান থেকে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের মালিক আমজাদ হোসেন বললেন, অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে তার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকানমালিক ইউছুফ আলী বাবু বললেন, বাসটি সেখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানালেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি আসনের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেছেন, আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।



