ঝোপের মধ্যে পড়ে ছিল তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ

ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার পরনে সালোয়ার-কামিজ ছিল।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানালেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি বস্তার ভেতর তরুণীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রাতের কোনো একসময় সেখানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এসআই মিলন ফকির আরও জানালেন, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।



