গফরগাঁও
বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের তিন বছর বয়সী ছেলে সাফা ও নুরুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে সাইফানা। সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুজন ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের মিথুন দুজনকেই মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।





