কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার ১৮টি থানা এলাকায় ষষ্ঠ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে উঠতি বয়সী কিশোরের বিরুদ্ধে মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার ও মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধেও তাদের জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে দেশ জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানালেন, গত ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দফার অভিযানে ২ হাজার ৪২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বাকি ১ হাজার ৪০৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোচিত দুই কিশোর গ্যাং ‘টিম-আর’ ও ‘ক্রাইম সেটআপ’-এর চার নেতাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানালেন, কুমিল্লা মহানগরসহ জেলার প্রতিটি থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত আছে, এমন স্থানগুলোয়ে অভিযান চালানো হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




