শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসে। পরে ফোনটি জব্দ করে হাতুড়ি দিয়ে ভেঙে দেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক মাধ্যমের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিও থেকে জানা যায়, ঘটনাটি সোমবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা ও বিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে চুল কাটার বিষয়ে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে সেটি বিনষ্ট করার কথা উল্লেখ করা হয়। পরে নোটিশটি সব শিক্ষককে পড়ে শোনানো হয় এবং শিক্ষার্থীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে শিক্ষক শরীফ বলেন, ‘বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ। এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফোনটি ভাঙার সময় শিক্ষার্থীদের উদ্দেশে ওই শিক্ষক বলেন, ‘নেক্সটে ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।’
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।




