বাইসাইকেল পেল গোদাগাড়ীর ১০৯ শিক্ষার্থী

সংগৃহীত ছবি
স্বপ্নটা সবারই এক। পড়াশোনা করে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু সেই স্বপ্নের পথে সবার যাত্রা সমান নয়। কারও বিদ্যালয় বাড়ি থেকে অনেক দূরে। কারও পরিবারের সামর্থ্য সীমিত। প্রতিদিনের যাতায়াতও হয়ে ওঠে বড় বাধা। এবার সেই পথ কিছুটা সহজ হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১০৯ শিক্ষার্থীর। তাদের হাতে উঠেছে বাইসাইকেল। সঙ্গে ৭২৬ শিক্ষার্থী পেয়েছে শিক্ষাবৃত্তি। কারও হাতে উঠেছে নতুন ঘরের চাবি। আবার স্বাবলম্বী হওয়ার স্বপ্নে ১৩৩ জনের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। গতকাল মঙ্গলবার কর্মসূচিতে এসব সরকারি সহায়তা বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। দুপুর সাড়ে ১২টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে শুরু হয় সহায়তা বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহুল ইসলাম চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



