নেত্রকোনার মদন
চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়িয়ে দেন স্টোর কিপার, দোষ স্বীকার

ছবি: আগামীর সময়
নেত্রকোনার মদনে অনুমতি ছাড়া ওষুধ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটির কাছে দোষ স্বীকার করেছেন ভারপ্রাপ্ত স্টোর কিপার তৌকিক চৌধুরী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।
গত ১২ আগস্ট গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত স্টোর কিপার তৌকিক চৌধুরী চুরি ঢাকতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ নষ্ট করেছেন। বিষয়টি পরিচালক (ময়মনসিংহ) ও সিভিল সার্জনকে (নেত্রকোনা) জানানো হয়। এরপরই আরএমও ও ভারপ্রাপ্ত ডা. মো. তায়েব হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।
তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত স্টোর কিপার তৌকিক চৌধুরী নিজের দোষ স্বীকার করেছেন।
ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, হাসপাতালের ওষুধ কর্তৃপক্ষকে না জানিয়ে স্টোর কিপার আগুনে নষ্ট করেন। এ নিয়ে ১২ আগস্ট চার সদস্যের তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে স্টোর কিপার নিজেই তার দোষ স্বীকার করেছেন।
নেত্রকোনা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, মদন স্বাস্থ্য প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। সোম বা মঙ্গলবার আমাদের পাঁচ সদস্যের কমিটি প্রতিবেদন পর্যালোচনা করবে। প্রতিবেদন সঠিক মনে হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আর সঠিক বলে মনে না হলে আমাদের কমিটি আবারও তদন্ত করবে।






