ভালুকায় গরুবোঝাই পিকআপ ছিনতাই

সংগৃহীত ছবি
ময়মনসিংহে গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাত ১টার দিকে ভালুকার হাজিরবাজার এলাকার জিঞ্জিরার মাজারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম ভালুকা মডেল থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
তার অভিযোগ, গরুবোঝাই পিকআপটিকে একটি সাদা রঙের পিকআপ অনুসরণ করছিল। হাজিরবাজার এলাকায় পৌঁছালে সাদা পিকআপটি দ্রুত সামনে এসে তাদের গাড়ির গতিরোধ করে। এরপর ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা গাড়ির কাঁচ ভেঙে চালক সাইফুল ইসলামকে জোর করে নিজেদের গাড়িতে তুলে নেয়।
তার ভাষ্য, পরে চালককে চোখ বেঁধে প্রায় ২০ মিনিট বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। করা হয় মারধরও। একপর্যায়ে পিকআপের হেলপার সাগর পালিয়ে গিয়ে ভালুকা মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়নি পিকআপটি। খোঁজ মেলেনি হামলাকারীদের।
রফিকুল ইসলামের ব্যবসায়িক অংশীদার আব্দুস সামাদ উল্লেখ করেন, সোমবার হালুয়াঘাটের মুন্সিহাট বাজার থেকে তিনটি গরু কিনে রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে পাঠানো হয়। পথেই তিনটি গরু ছিনতাই করা হয়। গরুগুলোর মোট মূল্য প্রায় ৬ লাখ ১৬ হাজার টাকা।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ছিনতাই হওয়া পিকআপ ও গরু উদ্ধারে পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে।




