টেকনাফে মার্কিন শিশুকে অপহরণের চেষ্টা, আটক ৩

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। একই সঙ্গে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার বিকালে র্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার বাসিন্দা শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে এমন তথ্য পেয়ে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, স্থানীয় লোকজন অপহরণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছেন।
পরে র্যাব সদস্যরা উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। আহত অবস্থায় তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বসতবাড়ির সামনে তার চার বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে একা পেয়ে অভিযুক্তরা জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং অভিযুক্তদের আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।




