কালীগঞ্জ
শিশুশ্রম রোধে র্যালি, পুনর্বাসনে অটোরিকশা

ছবি: আগামীর সময়
শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে গাজীপুরের কালীগঞ্জে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
আজ সোমবার সকালে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল— শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমসহ অন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেছেন, শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও শোভন পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন তারা।
একই দিন দুপুরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় তিনজন উপকারভোগীর হাতে মোট ৬৫ হাজার টাকা মূল্যের তিনটি ব্যাটারিচালিত অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানালেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




