কুয়াশাঘেরা ভোরে লাঙল কাঁধে কৃষকের স্বপ্ন

লাঙল দিয়ে মাটি চাষ করে নতুন ফসলের স্বপ্ন বুনছেন ধামরাইয়ের কৃষক। ছবি: আগামীর সময়
কুয়াশাঘেরা শীতের সকালে কাঁধে লাঙল নিয়ে মাঠের পথে কৃষক। প্রকৃতির স্নিগ্ধ রূপের মাঝে গ্রামবাংলার চিরচেনা এই দৃশ্য যেন এক অপরূপ কবিতা। ঢাকার ধামরাইয়ের কামারপাড়া গ্রামে এমনই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আগামীর সময়ের প্রতিনিধি।
কনকনে শীত উপেক্ষা করে ফসল ফলানোর প্রস্তুতি নিচ্ছেন কৃষক। লাঙল দিয়ে মাটি চাষ করে নতুন ফসলের স্বপ্ন বুনছেন তারা। প্রকৃতির শান্ত পরিবেশে শুরু হয় তাদের কর্মব্যস্ত দিন। মাটির সঙ্গে মিশে থাকা এই মানুষগুলোর শ্রমেই উৎপাদিত হয় দেশের প্রধান খাদ্যশস্য।
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। রোদ-বৃষ্টি কিংবা শীতের প্রতিকূলতা উপেক্ষা করে তারা নিরলস পরিশ্রম করে যান। তাদের ঘামঝরা শ্রমেই সচল থাকে কৃষি অর্থনীতির চাকা।
প্রচার কিংবা খ্যাতির আড়ালে থেকে নীরবে কাজ করে যাওয়া কৃষকেরাই দেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কারিগর। তাদের শ্রম ও অবদান ছাড়া দেশের কৃষি ও অর্থনীতির অগ্রযাত্রা কল্পনা করা কঠিন।
সত্যিকার অর্থেই কৃষকেরা দেশের সম্পদ। তাদের হাতেই বোনা হয় সমৃদ্ধির স্বপ্ন।



