কক্সবাজারে ইজিবাইক থেকে জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার

উদ্ধার করা মাদক, রাইফেল ও ইজিবাইক
কক্সবাজারে একটি ইজিবাইক থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক ও সাবরাং বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সুপরিকল্পিত ত্রিমুখী বিশেষ অভিযান পরিচালনা করে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামত টেকনাফ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





