ধামরাইয়ে টানা চার রাতে চার বাসে আগুন

আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আগামীর সময়
ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সর্বশেষ গতকাল সোমবার মধ্যরাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে 'হামজা ব্রাদার্স' পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাতে ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় (রাত ১ টা ৩৫ মিনিটে) আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেট এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও বাস থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
এর আগে গত রবিবার ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। আফাজ উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। তবে পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস।
এছাড়া গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ওই দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছিল।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেছেন, ‘পরপর চারটি বাসে আগুনের ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনাগুলো রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধের কারণে ঘটছে, সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে এক বাস মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বাস মালিকদেরও গাড়ি নিরাপদ স্থানে রাখতে এবং পাহারার ব্যবস্থা করতে বলা হয়েছে। আশা করছি দ্রুতই ঘটনার মূল কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’





