ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব মেয়রের

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের কাজীর দেউরী স্টেডিয়াম মার্কেট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন
নিজের ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের কাজীর দেউরী স্টেডিয়াম মার্কেট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মেয়র জানান, ডেঙ্গু প্রতিরোধে নগরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, এসির পানি জমার স্থান, পরিত্যক্ত পাত্রসহ সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ফোম ও ডাবের খোসা ফেলে না রাখার পাশাপাশি বৃষ্টির পর জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।
চসিকের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকৃত বিটিআই ব্যবহারের পাশাপাশি লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে।
কোতোয়ালি, হালিশহর, বন্দর, আকবরশাহ, বাকলিয়া ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম জোরদার করা হয়েছে।



