মেঘনায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

নিহতের পরিবারে শোকের মাতম
কুমিল্লার মেঘনায় অটোরিকশার চাপায় নিহত হয়েছে আব্দুল্লাহ নামের ৬ বছরের শিশু। আহত হয়েছেন একই পরিবারের তিনজন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, হরিপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে এক নারী তার দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় রামপুরের দিকে রওনা হন। পথে রেখা প্লাজা এলাকায় হঠাৎ রাস্তায় চলে আসে শিশু আব্দুল্লাহ। পড়ে যায় অটোরিকশার নিচে। চালক সরিয়ে নিতে গেলে উল্টে যায় অটোরিকশা। পড়ে আহত হন আব্দুর রশীদের স্ত্রী আনিকা বেগম (৪০), তার বড় মেয়ে সাদিকা আক্তার (২০) ও ছোট মেয়ে মার্জিয়া আক্তার (৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় সাদিকাকে।
মেঘনা থানার ওসি শহীদুল বলেছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নেওয়া হবে আইনিব্যবস্থা।




