কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে মারা যায় শিশুটি।
মারা যাওয়া শিশুর নাম সিমরান। ৬ মাস বয়সী শিশুটি নগরীর নুরপুর এলাকার শিমুলের মেয়ে।
আজ রবিবার সকালে আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টসহ হাম উপসর্গের পাশাপাশি নিমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় তাকে গত ৪ জুন বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৫ জুন রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাম উপসর্গ থাকলেও নিমোনিয়ার কারণে মৃত্যু হয় শিশুটির।
ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে সিমরানসহ এ পর্যন্ত ১১ জনের হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম মৃত্যু হয়েছে এক জনের এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০ জনের।




