বরিশালে মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী দিল ইসলামী আন্দোলন

সংগৃহীত ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার বিভিন্ন পৌরসভা ও উপজেলা পরিষদে মেয়র ও চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় বরিশাল নগরীর চাঁদমারী এলাকার এমসি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রার্থী ঘোষণা অনুষ্ঠান’-এ আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঘোষিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঘোষিত তালিকা অনুযায়ী, গৌরনদী পৌরসভায় ওবায়দুল হক মিয়া নবী, উজিরপুর পৌরসভায় মনিরুল ইসলাম মুরাদ, বানারীপাড়া পৌরসভায় জালিস মাহমুদ, মুলাদী পৌরসভায় এফএম মাইনুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌরসভায় গাজী জাহাঙ্গীর হোসেন এবং বাকেরগঞ্জ পৌরসভায় নাসির উদ্দিন ডাকুয়াকে মেয়র প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উজিরপুরে আব্দুল হক, আগৈলঝাড়ায় পারভেজ মিয়া, গৌরনদীতে মুফতি মোস্তফা কামাল, বানারীপাড়ায় আনিছুর রহমান, বাবুগঞ্জে রহমতুল্লাহ, মুলাদীতে নেছার উদ্দিন, হিজলায় মোজাম্মেল হক, মেহেন্দিগঞ্জে ইলিয়াস হাসান এবং বাকেরগঞ্জে নুরুল ইসলাম আল আমিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




