পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ফেরত পাঠালেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে

মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভারত থেকে ফেরত পাঠানোমাত্রই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, এটা বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছেন। চুক্তির আওতায় তাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে।’
মক্কা প্যাক্ট নিয়ে শামা ওবায়েদ বললেন, ‘এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যাবে কিনা, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী প্রমুখ।






