মেহেরপুর
ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও দুই শিশু নিহত

ফাইল ছবি
মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার তেরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের অটোচালক আরিফ হোসেন (৩৫), যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আবরার হোসেন (১১) এবং উত্তর শালিকা গ্রামের মাহিন হোসেনের এক বছর বয়সী মেয়ে আফরিন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আফরিনের বাবা মাহিন হোসেন (৩০) ও মা মুক্তা খাতুন (২৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাহিনের স্বজনরা জানিয়েছেন, নিজ গ্রাম উত্তর শালিকা থেকে অটোরিকশা ভাড়া করে ভাগনে আবরারকে নিয়ে গাংনীর বামন্দী এলাকায় শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই অটোতে করে রওনা দেন মেহেরপুরের উদ্দেশে। পথে অলিনগর এলাকায় উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অটোটি।
ঘটনাস্থলেই চালক আরিফ হোসেন নিহত হন। গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় আবরার হোসেন ও আফরিন।
অটোচালক আরিফের বন্ধু বিপ্লব হােসেন বলেছেন, ‘আরিফ ১১ বছর কুয়েতে ছিলেন। ৮ মাস আগে বাড়ি ফিরেছিলেন। তারপর থেকে অটােরিকশা চালিয়ে উপার্জন করতেন।’
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানালেন, ট্রাকটি জব্দ করার জন্য অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আগামীর সময়ের মেহেরপুর প্রতিনিধি।





