সাভারে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ইতালি প্রবাসী যুবক

কাজী জাবের। সংগৃহীত ছবি
সাভারে কাজী জাবের (৩৪) নামে ইতালি প্রবাসী এক যুবক নিখোঁজ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
নিখোঁজ জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে।
নিখোঁজ প্রবাসীর পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ দিন ইতালিতে অবস্থানের পর গত ৫ অক্টোবর দেশে ফেরেন জাবের। গত বুধবার সকাল ১১টার দিকে সবুজবাগ এলাকার নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার বিকালে সাভার মডেল থানায় জিডি করেন জাবেরের বাবা।
নিখোঁজ জাবেরের বাবা বাচ্চু বললেন, ‘কারও সঙ্গেই আমাদের কোনো শত্রুতা নেই। কেন এবং কীভাবে ছেলেটি নিখোঁজ হয়ে গেল, আমরা কিছুই বুঝতে পারছি না।’
দ্রুত ছেলেকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ওসি সাইফুল জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে।




