সাভারে মাদানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

মাদানী সুপার মার্কেটের আগুন
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার মাদানী সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া জানালেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটিসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের যৌথ চেষ্টায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, জেনারেটর ওভারহিটের (অতিরিক্ত গরম হওয়া) কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়ে ৮টি জেনারেটরসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে বলে জানান এই কর্মকর্তা।



