আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত শিশু

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা ও শিশু আতিয়া চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটক অটোরিকশাচালক রাসেলের বাড়ি চৈতনকান্দা গ্রামে। তিনি মফিজ মোল্লার ছেলে। তাকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
আড়াই হাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




