গজারিয়ায় হিমাগারে পড়ে আছে ৮৫ হাজার বস্তা আলু

মেঘনা মাল্টিপারপাস হিমাগার সেড। ছবি: আগামীর সময়
অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে গত বছর আলুর বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রায় তিন হাজার আলুচাষি। কিন্তু সেই আলুই এখন কৃষক ও ব্যবসায়ীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বেশি লাভের আশায় হিমাগারে সংরক্ষণ করা আলুর দাম না বাড়ায় কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা।
একদিকে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নতুন আলু রোপণের মৌসুম। অন্যদিকে ৩০ নভেম্বরের মধ্যে হিমাগার থেকে পুরোনো আলু বের না করলে শেষ হবে সংরক্ষণের মেয়াদ। কিন্তু হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করলে প্রতি ৫০ কেজির বস্তায় ৬০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এ কারণে অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগারে রাখা আলু তুলতে আগ্রহ দেখাচ্ছেন না।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর গজারিয়ায় ২ হাজার ১০৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল ২ লাখ ৭৫ হাজার মেট্রিক টন। উৎপাদন মৌসুমে অনেক কৃষক জমি থেকেই আলু বিক্রি করেন। তবে বেশি লাভের আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু হিমাগারে মজুত রাখেন। বর্তমানে উপজেলার দুটি হিমাগারে প্রায় ৮৫ হাজার বস্তা আলু মজুদ আছে। প্রতি বস্তায় ৭০০ টাকা লোকসান ধরলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, বীজ, সার, পরিচর্যা, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ মাঠ থেকে হিমাগারে পৌঁছানো পর্যন্ত প্রতি ৫০ কেজি আলুর বস্তায় খরচ হয় ৬০০ থেকে ৭০০ টাকা। এর সঙ্গে খালি বস্তার দাম ৮০ টাকা এবং হিমাগারে সংরক্ষণ খরচ ৩০০ টাকা যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। অথচ হিমাগার থেকে আলু বের করে শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ দিয়ে বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র ৩০০ টাকায়। এতে বস্তাপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা লোকসান হচ্ছে।
ইমামপুর ইউনিয়নের আলু ব্যবসায়ী নজরুল সিকদার জানিয়েছেন, গত বছর তিনি মেঘনা মাল্টিপারপাস হিমাগারে ৭ হাজার বস্তা আলু মজুত করেছিলেন। এর মধ্যে ৪ হাজার বস্তা বিক্রি করেছেন। এখনো ৩ হাজার বস্তা আলু অবিক্রীত আছে। এসব আলু বিক্রি করতে গেলে প্রতি বস্তায় প্রায় ৭০০ টাকা লোকসান হবে। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
মাথাভাঙ্গা গ্রামের ব্যবসায়ী রুহুল আমীন জানিয়েছেন, একই হিমাগারে তিনি ৫ হাজার বস্তা আলু মজুদ করেছিলেন। এর মধ্যে ৪ হাজার বস্তা লোকসানে বিক্রি করেছেন। এখনো ৩ হাজার বস্তা আলু পড়ে আছে। সেগুলো বিক্রি করতে গেলে প্রায় পুরো বিনিয়োগই হারাতে হবে।
তিনি আরও জানান, গত দুই বছরে আলু মজুদ রেখে প্রায় ৬০ লাখ টাকা লোকসান দিয়েছেন। চলতি মৌসুমে ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে।
মেঘনা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের ভান্ডাররক্ষক মো. জাহাঙ্গীর আলম জানালেন, গত মার্চে তাদের হিমাগারে ১ লাখ ৭৫ হাজার বস্তা আলু মজুত করা হয়েছিল। এখনো ৬২ হাজার বস্তা অবিক্রীত রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে হিমাগার খালি করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে কৃষকদের পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষকেও লোকসান গুনতে হতে পারে। প্রতি বস্তার জন্য ৩০০ টাকা সংরক্ষণ ভাড়া পরিশোধ করতে হলেও অধিকাংশ ব্যবসায়ী আলু নিতে চাইছেন না।
তিনি আরও জানান, গত বছর হিমাগারে রাখা ২২ হাজার বস্তা আলু কৃষকেরা উত্তোলন করেননি। পরে সেগুলো পানির দামে বিক্রি করতে হয়েছিল কর্তৃপক্ষকে। এতে সংরক্ষণ ভাড়ার টাকাও পুরোপুরি ওঠেনি।
হিমাগারটির ব্যবস্থাপক জানিয়েছেন, বাজারে আলুর দাম ক্রমাগত কমে যাওয়ায় হিমাগার মালিক, ব্যবসায়ী ও কৃষক সবাই লোকসানের মুখে পড়েছেন। এখনো তাদের হিমাগারে প্রায় ৬২ হাজার বস্তা আলু মজুদ আছে। চুক্তি অনুযায়ী, চলতি নভেম্বরের মধ্যে ব্যবসায়ীদের এসব আলু নিয়ে যাওয়ার কথা।
গতকাল বুধবার রসুলপুর এলাকার লালমিয়া সপ্তমুখী হিমাগার প্রকল্প ও মাথাভাঙ্গা এলাকার মেঘনা মাল্টিপারপাস হিমাগার সরেজমিনে ঘুরে দেখা যায়, হিমাগারসংলগ্ন শেডে শত শত বস্তা আলু বাছাই করছেন নারী শ্রমিকেরা। তাদের একজন মনু বেগম (৫৫) জানিয়েছেন, তারা বস্তাপ্রতি চুক্তিতে আলু বাছাই করেন। এতে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়।
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে গত বছর উপজেলায় আলুর ফলন ভালো হয়েছিল। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়া এবং ন্যায্যমূল্য না পাওয়ায় গত কয়েক বছর ধরে কৃষকেরা লোকসানের মুখে পড়ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। স্থানীয় জাতের পরিবর্তে রপ্তানিযোগ্য জাতের আলু চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।




