ঝালকাঠি
বৈরী আবহাওয়ায় বিপাকে নিম্নআয়ের মানুষ

ছবি: আগামীর সময়
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানর প্রভাবে উপকূলীয় অঞ্চল ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত বুধবার দিবাগত রাত ১১টা থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টি হয়েছে।
গত তিন দিনের বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বন্যার প্রভাবে বৃষ্টির ফলে রোপা আমন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে মানুষ বাইরে বের হলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।
কৃষকরা জানান, রোপা আমনে ধানের শীষ বের হয়েছে। বৃষ্টির কারণে রোপা আমন ও অন্যান্য লতাকৃষি ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থায়ী হলে আমন ধানের ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
ঝালকাঠি কৃষি বিভাগের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃষ্টি স্থায়ী না হলে কৃষির তেমন ক্ষতির আশঙ্কা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। ক্ষেতের পানি নেমে যাবে, কৃষির কোনো ক্ষতি হবে না বলে কৃষি বিভাগের দাবি।



