যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা
- একদিনে পার হয়েছে ৪৭ হাজার যানবাহন

ছবিঃ আগামীর সময়
ঈদের ছুটিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এই সময়ে সেতু পারাপার হয়েছে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন আগামীর সময়কে বললেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোন যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

