ইটভাটায় সার মজুদ, ৪ লাখ টাকা জরিমানা

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় আলাদা অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলাদা অভিযানে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ শফিকুল ইসলাম খোকন ও রফিকুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকায় মেসার্স খোকন ট্রেডার্স নামের ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক শফিকুলকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি জানিয়েছেন, একই বাজারের সার ব্যবসায়ী রফিকুলের মালিকানাধীন মেসার্স রফিক ট্রেডার্স নামের কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার জব্দ করা হয়। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত বলেছেন, ‘উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’








