মোহনগঞ্জ
সরকারি চাল পাচারকালে জব্দ

ছবি: আগামীর সময়
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি চাল রাতের আঁধারে পাচারের সময় জনতার ধাওয়ায় ১১ বস্তা চাল ফেলে রেখে পালিয়ে গেছে পাচারকারীরা। পরে পুলিশ ও প্রশাসন গিয়ে এসব চাল জব্দ করে।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুঙ্কা এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়। তবে ১১টি সাদা বস্তায় ৪৫০ কেজি চাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশও স্থানীয় সূত্রে, রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। পাচারকালে সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রাস্তায় রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে ১১ বস্তা চাল রাস্তার পাশে মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। জব্দকৃত চাল বর্তমানে থানায় আছে। এগুলো কিসের চাল তাৎক্ষণিক জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, সরকারি চাল পাচার হচ্ছে-এমন খবর পেয়ে গত রাতে পুলিশ ও এসিল্যান্ড গিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বস্তা চাল জব্দ করেছে। স্থানীয়দের দাবি- ইউনিয়ন পরিষদ থেকে রাতে এসব চাল পাচার হচ্ছিল। তবে এর স্বপক্ষে তাৎক্ষণিক কোনও প্রমাণ পাওয়া যায়নি।
সাদা বস্তায় থাকায় চালগুলো কোন সরকারি প্রকল্পের কিনা সেটা বোঝা যায়নি। প্রকৃত ঘটনা অনুসন্ধানে কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, জানালেন এই কর্মকর্তা।



