প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা, নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

জান্নাতুল ফেরদৌস চৌধুরী
মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
স্থানীয়রা জানান, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় কালো পতাকা উত্তোলন করেন। এ সময় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।







