'চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে মরদেহ'

সংগৃহীত ছবি
নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে চাঁদা দাবি করে একটি চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এই ঘটনায় হিন্দুপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালেন, নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময়ে চিঠিটি রেখে যান দুর্বৃত্তরা। নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান।
চিঠিতে লেখা ছিল— বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে মরদেহ। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে।
চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। চিঠিটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম আগামীর সময়কে জানালেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।







