মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

সংগৃহীত ছবি
মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া পালংখালী বিজিবি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানটি বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যলাইন থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে।
পরে জানা যায়, বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী আহত হয়েছেন। তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা। তার বাবা মৃত কালাম হোসেন ও মা মৃত মারিয়া খাতুন।
আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।



