নান্দাইলে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ২

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে নান্দাইল-কানারামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (২০), তার ভাই রানা মিয়া (২৪) এবং তাদের দুলাভাই খোকন মিয়া (৩৫)।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে একটি পিকআপে করে কয়েকজন ত্রিশালের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে নান্দাইল-কানারামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ড্রাম ট্রাক পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপটি উল্টে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও চারজন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আনিসুর রহমান বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন। সেখান থেকে দুজনের মরদেহ ও চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তারা নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে এসেছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের জন্য খোঁজ নেওয়া হচ্ছে।




