ভালুকা
তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভাসছিল কৃষকের লাশ

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত পুকুর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের ঝোপঝাড়ে ঘেরা পরিত্যক্ত এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল মালেক (৫৫)। তিনি হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। মালেক বাড়িতেই কৃষিকাজ ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত রবিবার ভোরে পাকা তাল কুড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। পরে আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান করতে পারেননি। বুধবার সকালে একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের পানিতে বাবার মরদেহ ভাসতে দেখেন ছেলে।
বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে জানায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ভাতিজা মো. আকরাম হোসেন জানিয়েছেন, তার চাচা পাকা তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পাওয়া যায়নি। আজ সকালে ছেলে গিয়ে দেখেন পরিত্যক্ত পুকুরে ভাসমান তার বাবার লাশ।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বললেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






