নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার দুই নেতা
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দৈনিক আগামীর সময়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, সলিমুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবাবগঞ্জ উপজেলা শাখার সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। রবিবার হরিল্লাখুর গ্রামে তার লিজ নেওয়া একটি পুকুরের পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে হাদিউজ্জামান ওরফে বাবু কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।




