খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মিঠু গ্রেপ্তার

আসাদুজ্জামান মিঠু— সংগৃহীত
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সন্দেহভাজন আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. আহাদুজ্জামান মিয়া জানান, আসাদুজ্জামান মিঠু দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেপ্তার হন। তিনি খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
ডিবি প্রধান আরও বললেন, ‘গত ১৪ জুলাই রাত ১টার দিকে খুলনা সদর থানা এলাকার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি চালায়। এ ঘটনায় করা মামলায় মিঠুকে সন্দেহভাজন আসামি করা হয়েছে।’ তার ভাষ্য, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও তার সদস্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও মিঠুর সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তিনি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত।
এদিকে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খুলনা মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে আসাদুজ্জামান মিঠুকে বহিষ্কার করা হয়েছে। গত ১৩ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের একাধিক সূত্র জানায়, গ্রেপ্তার মিঠু রূপসার শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। হত্যাকাণ্ডের আগে মিঠু মাসুম বিল্লাহকে দুর্বৃত্তদের দেখিয়ে দিয়েছিলেন বলে পুলিশের দাবি। পরে তার নির্দেশনায় দুর্বৃত্তরা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে চলে যায়।
গত ৪ মার্চ খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে একটি বাটার জুতার দোকানের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হন। তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় স্থানীয় জনতা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ওরফে বি কোম্পানি গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।







