কক্সবাজারে মদের বারে হাতাহাতি, ছুরি মেরে যুবককে হত্যা

নিহত যুবক নাজিবুল হক রাশেদ
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে ছুরি মেরে নাজিবুল হক রাশেদ (২৮) নামের এক যুবককে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রেনেসাঁ হোটেলের দোতলায় অবস্থিত বারের ঘটনা এটি। এ ঘটনায় রাতেই সোলাইমান নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও বার কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিরোধ তীব্র হলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘হাতাহাতিরর ঘটনায় বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। তাদের একজন ছিলেন রাশেদ। পরে বারে থাকা লোকজনের সঙ্গেও তাদের হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রাশেদের ওপর হামলা চালানো হয়। তাকে পেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, ঘটনার পর বারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। পাশাপাশি বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকে অভিযান শুরু করা হয়।
আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও তদন্ত করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের দাবি, রেনেসাঁ হোটেলের বারে অনুমোদনহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রি করা হচ্ছিল।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর রাতেই সোলাইমান নামের একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।








