৫ বছরের শিশুর লাশ নদীতে, ‘ধর্ষণের পর হত্যা’ বলছে পুলিশ

ফাইল ছবি
ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। দেহে আঘাতের চিহ্ন দেখে ঘটনাটি ধর্ষণের পর হত্যা বলে ধারণা করছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার পর উদ্ধার হয় মরদেহটি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন এসব তথ্য। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথাও জানালেন তিনি।
নিহতের পরিবার ও স্থানীয়দের বর্ণনা, রবিবার বিকালে উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় মেয়েটি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ ভেসে ওঠে কংস নদীতে। স্থানীয়দের খবরে পরিবারের লোকজন গিয়ে সেটি শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ জানায়, মরদেহে রক্তক্ষরণের আলামত ছিল। দেহের বিভিন্ন অংশে ছিল নির্যাতনের চিহ্ন।
ধোবাউড়া থানার ওসি সাইফুল বললেন, ‘প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুরো ঘটনাটি গুরত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’




