উচ্ছেদের পরও দখলমুক্ত হচ্ছে না সিদ্ধিরগঞ্জের মহাসড়ক-ফুটপাত

ছবি: আগামীর সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল এলাকার গুরুত্বপূর্ণ অংশ, সংলগ্ন ফুটপাত এবং পাঁচটি ফুটওভারব্রিজ হকারদের দখলে চলে গেছে। দিন-রাত এসব সড়ক ও ফুটপাত দখল করে চলছে বিভিন্ন পণ্যের বেচাকেনা। এতে একদিকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে নিরাপদে চলাচলের পথ হারিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল মহাসড়ক দিয়ে চলাচল করছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসব এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার উদ্যোগ নিয়েছে। তবে নানা কারণে এসব কার্যক্রম স্থায়ী রূপ পায়নি। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলদারদের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। বর্তমানে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে দোকান বসানোর প্রবণতা আরও বেড়েছে।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের পাশে ও ফুটপাতের ওপর সারি সারি দোকান বসিয়ে জামাকাপড়, প্রসাধনী, ফলমূল, শাকসবজি ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিক্রি করছেন হকাররা। কোথাও কোথাও ফুটপাতের পুরো অংশই দোকানের দখলে। ফলে পথচারীদের হাঁটার মতো সামান্য জায়গাও অবশিষ্ট নেই। বাধ্য হয়ে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের দ্রুতগতির যানবাহনের মধ্য দিয়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল।
ভুক্তভোগী কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের নিরাপদে চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হয়েছে। অথচ সেই ফুটপাতই এখন হকারদের দখলে। এমনকি মহাসড়কের একাংশ দখল করেও ব্যবসা পরিচালনা করা হচ্ছে। মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান হবে না। উচ্ছেদের পর যাতে কেউ আবার দখল করতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আগামীর সময়কে বলেন, সড়ক ও ফুটওভার ব্রিজ হকারমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সওজ নিয়মিত উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদের পর পুনরায় দখলের ঘটনা ঘটলে সেগুলোও তদারকি করা হয়। শিগগিরই আরও একটি উচ্ছেদ অভিযান চালানো হবে। তবে শুধু উচ্ছেদ অভিযান দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক টি আই জুলহাস আগামীর সময়কে বলেন, মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তবে অবৈধ দখল স্থায়ীভাবে বন্ধ করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। বিষয়টি পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে। শিমরাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও দখলদারদের সরিয়ে দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তারা আবার আগের অবস্থানে ফিরে আসেন। বিভিন্ন মহলের তদবির ও প্রভাবের কারণেও অনেক সময় কঠোরভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে পরিকল্পিত ও ধারাবাহিক অভিযান পরিচালনা জরুরি।
সচেতন মহলের দাবি, মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এককালীন উচ্ছেদ অভিযান যথেষ্ট নয়। প্রয়োজন নিয়মিত নজরদারি, পুনর্দখল প্রতিরোধ এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত কার্যক্রম। অন্যথায় জনদুর্ভোগের পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাবে।




