কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

দেবিদ্বারে মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে আটক মো. ইমন। ছবি: আগামীর সময়
কুমিল্লার দেবিদ্বারে একটি বাড়ি থেকে এক নারী ও শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় পাওয়া গেছে আরেক নারীকে। ঘটনাস্থল থেকে মো. ইমন নামের যুবককে আটক করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া আগামীর সময়কে এসব জানিয়েছেন। ঘটনাটি উপজেলার বড়শালঘর দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায়।
দেবিদ্বার থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাস্টারবাড়ি এলাকার একটি বাড়িতে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। বাড়িতে থাকা যুবককে আটকে রেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দুজনকে নিহত ও আরেকজনকে আহত অবস্থায় পায়।
দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানালেন, নিহত পেয়ারা বেগম (৬২) ইমনের মা। শিশুটির নাম ইশরাত জাহান। সে ইমনের ভাতিজি, বয়স আট মাস।
আর আহত নারী ইমনের ভাবি ও শিশুটির মা। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় মো. শামীম আহসান জানান, সকালে চিৎকার শুনে তিনিসহ আশপাশের লোকজন ওই ঘরে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় তিনজনকে দেখে ইমনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বললেন, ‘ছেলেটির (ইমন) গুরুতর অসুস্থতা ছিল। এ কারণে সে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্যদের বাধায় সে আত্মহত্যা করতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে ধারণা করছি।’




