নেত্রকোনায় চাঁদা না পেয়ে গাড়ি থেকে সোয়েটার লুট, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা সালমান রহমান পল্লব
নেত্রকোনার পূর্বধলায় গভীর রাতে সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চালকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে চালক ও সহকারীকে মারধরও করা হয়েছে।
এসব অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে।
গতকাল সোমবার রাতে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাত সোয়া ১২টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারের মোহাম্মাদী সোয়েটার লিমিটেডের উদ্দেশে রওনা হয়। চালক মো. শরিফ ও সহকারী মো. শাহাজাহান আলী গাড়িটি চালিয়ে যাওয়ার সময় পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনে কয়েকজন তাদের পথরোধ করেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, পল্লবের নেতৃত্বে ওই ব্যক্তিরা কাভার্ড ভ্যানের চাবি নিয়ে নেন। পরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে চালক ও সহকারীকে ভয় দেখানো হয়। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
চালক গাড়িতে সোয়েটার থাকার কথা জানালে তাকে ও সহকারীকে হত্যার হুমকি দিয়ে গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয়। পরে কারখানার মালিকের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সেখানে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চাঁদার টাকা না পেয়ে পল্লব ও তার সহযোগীরা গাড়ি থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩ পিস সোয়েটার নিয়ে যান। এসব সোয়েটারের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর ২০২৬
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার একপর্যায়ে পল্লব নিজেকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং তার ভাইকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন। পুলিশ প্রশাসন তাদের কিছু করতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়।
পরে বিষয়টি পুলিশ ও দলীয় নেতাদের জানানো হলে জেলা নেতাদের মধ্যস্থতায় নেওয়া ৭৭৩ পিস সোয়েটারের মধ্যে ৭৬৬ পিস ফেরত দেওয়া হয়। রাত ৪টার দিকে চালক ও সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক মো. হারুন রশিদ লিটন গত রবিবার রাতে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান পল্লব ও তার সহযোগী মোরাদ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনা জানাজানি হওয়ার পর রবিবারই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালমান রহমান পল্লবকে বহিষ্কার করে নেত্রকোনা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।




