জাফলং
পরিবারের সঙ্গে ঘুরতে জাফলং, পানিতে ডুবে মৃত্যু কিশোরের

সিলেটের গোয়াইনঘাটে জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ।
নিহত ইমতিয়াজ হোসেন রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাহিসহ ১২ সদস্যের একটি পর্যটক দল রবিবার সকালে জাফলং ভ্রমণে আসে। বিকেলে দলের কয়েকজন সদস্য জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে পানিতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে রাহি তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর সোমবার সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনা নিশ্চিত করে রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন পর্যটকদের সতর্কতার সঙ্গে পানিতে নামার আহ্বান জানিয়েছে।




